এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করব।”
শনিবার (১৬ মে) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে মন্তব্য করেন তিনি।
সেতুর সম্ভাব্য রুট নিয়ে বিভিন্ন আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ মাদারগঞ্জ হয়ে সেতু নেওয়ার চেষ্টা করছেন। তবে তিনি বালাসী-বাহাদুরাবাদ রুটেই সেতু নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শাহ জহুরুল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
