সরকার ১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা চালুর লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস ও সময়সূচি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে, যাতে সেশনজট এড়ানো যায় এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই শিক্ষা সম্পন্ন করতে পারে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জীবনে এসএসসি যেন ১০ বছরের মধ্যেই সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কোনো সেশনজট থাকবে না, পিছিয়ে পড়া হবে না—এটাই আমাদের উদ্দেশ্য।”
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরীক্ষাব্যবস্থা তুলনামূলকভাবে ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সন্তুষ্টি বাড়ছে। তিনি জানান, শিক্ষা হবে আনন্দময় এবং প্রকল্পভিত্তিক, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। এই মানবসম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে। এছাড়া বিদ্যমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ব্যাপক পরিবর্তনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
