ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০

সত্যের কন্ঠ
এপ্রিল ২৩, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

পাকিস্তানে তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিকও রয়েছেন।

বেলুচিস্তানের চাগাই জেলায় বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

কোম্পানি সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল)-এর দারিগুন এলাকায় অবস্থিত খনিতে এ হামলা চালানো হয়। ডালবন্দিন শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এ প্রকল্পটি অবস্থিত।

এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হয়। সঙ্গে সঙ্গে ফ্রন্টিয়ার কর্পসসহ (এফসি) নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, খনিতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা খনির ড্রিলিং যন্ত্র, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। গুলিবর্ষণ ও রকেট হামলার কারণে একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে কয়েকজন কর্মী দগ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারীরা একাধিক যানবাহন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হতাহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে বেলা, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট-বালতিস্তানসহ বিভিন্ন অঞ্চল এবং স্থানীয় এলাকার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে ওমর নামে একজন তুর্কি নাগরিকও শনাক্ত হয়েছেন।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকায় তল্লাশি ও অভিযানে নেমেছে। কোম্পানি জানিয়েছে, অবশিষ্ট কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।