জাতীয়তাবাদের দোহাই দেওয়া ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের জনগণকে সঙ্গে নিয়ে লাল কার্ড দেখানো হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, আমি দেখেছি বিভিন্ন স্থানে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এমনকি এটার রাজনীতির কথা বলে। অথচ তাদের দলের প্রার্থীদের বড় একটা অংশ বিদেশি নাগরিক। যাদের প্রার্থীরা এ দেশের একক নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল এখন কেবল ইতিহাসেই রয়ে গেছে, বাস্তবে এর কোনো চিহ্ন নেই। তারা অতীতে জনগণের টাকা লুট করা এবং ব্যাংক খেলাপিদের মনোনয়ন দিয়েছে। সেই ঋণ খেলাপিরা আবারও ক্ষমতায় এসে জনগণের টাকা লুণ্ঠন করার অপেক্ষায় আছে। আমরা কি তাদের সেই সুযোগ দেবো?
