ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন : আইনমন্ত্রী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
পঠিত: 95 বার
Link Copied!

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে আয়োজিত এক আলোচনা  সভায় অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী  বলেন, তার (ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্ট এলাকায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া এটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে  হয় তার পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা এটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে নোবেলজয়ীরাও রয়েছেন। শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে গত ২৮ আগস্ট এই চিঠি প্রকাশ করে।  সোমবার হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি  এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন,  ড. ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা ওই বিবৃতি বিষয়ে এটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়ার কথা রয়েছে।

এমন দাবি করে এমরান বলেন, ‘ এটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত  নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’ তিনি বলেন, ‘এটি আমার নিজস্ব চিন্তা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ শতাধিক ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে আমি একমত।’

এদিকে আজ এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এটর্নি জেনারেল অফিস থেকে  ড. ইউনূসের বিপক্ষে বিবৃতির কোনো নির্দেশনা বা নোটিশ দেয়া হয়নি। নিশ্চিতভাবে কোনো পক্ষকে খুশি করার জন্য ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া এটা বলেছেন। নিশ্চয়ই এখানে তার কোনো উদ্দেশ্যে ছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।