পিএসজি ছেড়ে গত জুনে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেন মেসি। গত মাসে ক্লাবটির হয়ে তার অভিষেক ঘটেছে। এরই মধ্যে মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপের শিরোপা। ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠায় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকার সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) অ্যাপল টিভি প্লাসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, সত্যি বলতে প্যারিসে কাটানো দুই বছরে ভালো ছিলাম না এবং তার খেসারত দিতে হয়েছে। তাই বার্সেলোনায় যেমন ছিলাম, তেমন থাকতে চেয়েছি। সে কারণে ইন্টার মায়ামিকে বেছে নিয়েছি।
কিছুদিন এখানে কাটানোর পর বুঝতে পেরেছি সিদ্ধান্তটা ভুল ছিল না। সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করেছি, পরিবারকে ভালো রাখাটাই ছিল মূল কারণ। ফুটবল উপভোগের যে ব্যাপারটা হারিয়ে ফেলেছিলাম, সেটা খুঁজে পেয়েছি। জাতীয় দলে যে সুখ আমি পাই, সেটা এখানেও খুঁজে পেয়েছি।
