বৃহস্পতিবারের বদলে একদিন পিছিয়ে ২৮ জুলাই (শুক্রবার) মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেদিন দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার কথা জানিয়েছে দলটি।
বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সেদিন সরকার ও সরকারি প্রতিষ্ঠান বাধা দেবে না এটা আমরা প্রত্যাশা করছি। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে উসনাকিতে পা না দিতে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনঃরুদ্ধারের চলমান আন্দোলন আজ একদফার আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল আগামীকাল ২৭ জুলাই রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়। আমরা বিএনপির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্ম দিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতোপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্ম দিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ-মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিধায় সরকার ও সরকারদলীয় বিভিন্ন বাহিনীর নানা উষ্কানি এমনকি গত প্রায় এক বছরে ২০ জন নেতাকর্মীর হত্যা ও অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হওয়ার পরেও সীমাহীন ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। এমনকি এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ও হচ্ছে। ঢাকার বিভিন্ন হোটেল এবং সারা দেশে নেতাকর্মীদের বাসা বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে।
