নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কমিশনের জরিপে ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি, চার কমিশনার এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। অনুষ্ঠানে ড. বদিউল আলম এই মন্তব্য করেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনকে দুর্নীতিমুক্ত রাখতে এবং দুর্বৃত্ত ও মানবতাবিরোধী অপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।”
জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নেওয়ার আইন বাতিল করার বিষয়েও আলোচনা হয়েছে। সিইসি এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশনের দেওয়া চিঠি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। ফলে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকবে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন সম্পর্কে সিইসি বলেন, “আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা চিঠি পাঠানোর পরপরই এটি অনুমোদন পেয়েছে।”
তিনি আরও বলেন, “যখন জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়, তখন আমি একজন নাগরিক হিসেবে মনে করেছিলাম, এটি মহৎ উদ্দেশ্যে করা হচ্ছে না। সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং আইনি কাঠামো ঠিক রাখার জন্য আইন বাতিলের সুপারিশ করেছি।”
নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ড. বদিউল আলম বলেন, “বিজ্ঞজনদের সুপারিশ ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কাঠামোতে দায়বদ্ধতা ও আইনি ভিত্তি তৈরি করতে এবং অতীতের ভুল এড়াতে এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
