ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লিফটে আটকা পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এই ঘটনা ঘটে।
হিন্দুস্থান টাইমস বাংলা জানায়, উদ্ধারকাজ চলার সময় হাসপাতালের লিফটে ছয়জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।
কর্তৃপক্ষের মতে, নিহতদের মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। তবে দমকল বাহিনী এরই মধ্যে হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া রোগীদের দিন্দিগুলের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় জানালা দিয়ে আগুন ও কালো ধোঁয়া বের হচ্ছে। পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এর আগে, গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের আইসিইউতে আগুন লেগে ১১ জন নবজাতকের মৃত্যু এবং ১৬ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় ইনকিউবেটরে থাকা শিশুরা মারা যায়। ওই ওয়ার্ডে মোট ৪৭ জন শিশু ভর্তি ছিল।
