দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথ নির্মাণস্থলে গুহা ধসে ১৩ জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার এএফপি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।
বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলপথ নির্মাণস্থলের একটি অংশের নিচের মাটি হঠাৎ ধসে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম চলছিল এবং ধসের কারণ তদন্ত করা হচ্ছে।
জরুরি ব্যবস্থাপনা ব্যুরো আরও জানিয়েছে, আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
শহরের কর্মকর্তারা জানান, উদ্ধার কার্যক্রম সহজ করতে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে শেনজেন থেকে গুয়াংডং প্রদেশের জিয়াংমেন পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই রেলপথের নির্মাণকাজ শুরু হয়।
