ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন। এই কট্টর ডানপন্থী নেতা স্পিকারে আজান চালু থাকলে পুলিশকে সরাসরি বাধা দেওয়ার নির্দেশও দিয়েছেন বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
বেন গিভির বলেন, যদি কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যায়, তাহলে পুলিশ সেখানে প্রবেশ করতে পারবে এবং সেই স্পিকার জব্দ করারও অনুমতি পাবে।
এক্সে করা এক পোস্টে বেন গিভির জানান, তিনি এই নীতি কার্যকর করতে পেরে গর্বিত। তার মতে, এই পদক্ষেপ মসজিদ থেকে আসা ‘অযৌক্তিক শব্দ’ বন্ধ করবে, যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছিল।
তবে বেন গিভিরের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধী নেতারা কঠোর সমালোচনা করেছেন। লেবার পার্টির নেতা গিলাদ কারিভ এক্সে লিখেছেন, “বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। তিনি দাঙ্গার উসকানি বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
এছাড়া হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, “বেন গিভির তার কর্মকাণ্ড ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর ভিত্তি করে পরিচালনা করছেন।”
তিবি আরও সতর্ক করেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী হবেন।
