যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮২ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন। গত ২১ নভেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়। ২১ নভেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে দেশে ফিরে আসা ৮২ জনের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ৬ জন আইওএম-এর অর্থায়নে দেশে ফিরেছেন।
প্রসঙ্গত, ৭৬ জন বাংলাদেশি বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে এবং বাকী ৬ জন আইওএম-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ পর্যন্ত মোট ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া লেবাননে চলমান সংঘাতে একজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরকার জানিয়েছে, লেবাননে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে ইচ্ছুকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং যারা ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
