আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় সংঘটিত এক তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে নিহতের স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়ার মরদেহ গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের আলামত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার পিতা-মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
