মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রানে পৌঁছেছিল বাংলাদেশ। এরপর আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত ১১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
দিনটি ছিল অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য বিশেষ। ৩৯তম জন্মদিনে দলের সঙ্গে কেক কেটে উদযাপনের পর ব্যাট হাতে মাঠে নেমে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন তিনি। ৪৮ রান থেকে এগিয়ে ৭১ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। সেঞ্চুরির আক্ষেপ নিয়েই থামতে হয় তাকে।
পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ ১০ এবং তাইজুল ইসলাম ১৭ রান করে আউট হন।
রানের খাতা খোলার আগেই এবাদত হোসেনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন মোহাম্মদ আব্বাস। শেষদিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে চারশর ঘর পার করে বাংলাদেশ।
এর আগে প্রথম দিনে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ এবং মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তারা ১৭০ রানের জুটি গড়েন। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ – ৪১৩ (১১৭.১ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১
মোহাম্মদ আব্বাস ৫/৯২, শাহিন আফ্রিদি ৩/১১৩।
