চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়া ২০২৮ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে সেশনজট কমিয়ে এমন ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দ্রুত পরবর্তী ধাপে ভর্তি হতে পারে।
তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। উন্নত বাংলাদেশ গড়তে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে।
শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করছে এবং দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
