তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার সব সময় দেশের ১৭ কোটি মানুষের পাশে আছে।
আজ শুক্রবার সকাল নয়টায় নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এ কথা বলেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিগত ১৫ বছরে দেশের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি দেশের নয় লক্ষ অসহায় পরিবারের জন্যে জমিসহ বাড়ি তৈরী করে দিয়েছেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়াকে একটি মানবিক জনপদ হিসেবে তৈরী করা হচ্ছে। হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টিটিসি নির্মাণসহ আধুনিক প্রযুক্তির সকল সুবিধা এ জনপদে নিশ্চিত করা হচ্ছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ভিশন সেন্টারের মাধ্যমে এলাকার মানুষ চোখের উন্নত চিকিৎসা পাচ্ছেন। শহর রক্ষা বাঁধ নির্মাণ, সাড়ে তিনশ’ কিলোমিটার করে খাল খনন ও পাকা রাস্তা নির্মাণের মাধ্যমে সিংড়া এখন সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে।
