আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশীকালে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন। আটককৃতের নাম আরিফুল সাগর (৩০)।
ট্রাফিক-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন একটি মোটরসাইকেলকে থামায়। এ সময় চালকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। পাশাপাশি তার আচরণে সন্দেহজনক অস্থিরতা লক্ষ্য করা যায়।
পরবর্তীতে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক সদস্যরা ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূর থেকে তাকে আটক করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আরিফুল সাগর মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। তার কাছ থেকে উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরে তাকে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এয়ারপোর্ট থানা সূত্রে আরও জানা যায়, আটককৃত আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘটিত একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিল।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
