আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলম (২৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৪।
গতকাল রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভারের হেমায়েতপুর এলাকায় এই ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা এবং ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করত। ইতিপূর্বে ২০১৮ সালের মে মাসে মিরপুর মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।
মিরপুর থানার ওই মাদক মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হলে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর জানায়, মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় সে জামিনে মুক্তি পায়। পরবর্তীতে সাজা হওয়ার ভয়ে আইনি প্রক্রিয়া ও গ্রেফতার এড়াতে সে গত প্রায় ৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে অস্থায়ীভাবে বসবাস করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
