আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, এক মাদক কারবারি কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে র্যাব-৭-এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
চেকপোস্টে একটি সন্দেহভাজন নোহা গাড়ি তল্লাশি করে টেকনাফ উপজেলার নাটমুরা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুবকে আটক করা হয়। পরে গাড়িটির মধ্যখানের যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডেল থেকে মোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক, জব্দকৃত গাড়ি এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
