আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সিলেট মহানগরীর শাহপরাণ এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে র্যাব-৯ এর একটি আভিযানিক দল শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সীমান্ত সৈনিক ফুড কর্নারে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভুবেন ব্যানার্জী (৩২), রাজু কুর্মী (২৪) এবং মো. সেলিম আহমদ মুরাদ (৩৩)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও একটি খাতা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা MELBET, Teer Predictions, Night Teer, WINBD.vip-সহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে মানুষকে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন গ্রহণ করতেন। জব্দকৃত মোবাইল ফোনে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
