ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। আলটিমেটাম অনুযায়ী আজ শনিবারের (০৬ জুন ২০২৬ খ্রি.) মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (০৪ জুন) বেলা ১১টায় আসামিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।
স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডের এতদিন পার হলেও পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন তারা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার জানান, মূল আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
