আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ পুলিশ ফাঁড়ি।
গ্রেফতারকৃতরা হলেন মো. শুভ (২৬), মো. ইব্রাহিম (৩৬) ও মো. সেলিম (৩০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে একই স্থানে পরিচালিত আরেকটি অভিযানে ইব্রাহিম ও সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
