সমাজে বিদ্যমান মূল্যবোধের অবক্ষয় রোধ এবং তা পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে নীতিগত বা পলিসিগতভাবে কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। সামাজিক এই মূল্যবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিএনসিসি’র মতো শৃঙ্খলিত সংগঠনের সাথে একযোগে কাজ করবে বলেও জানান তিনি।
একই বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।
