আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। আটককৃতের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন ২০২৬) যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশাচালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সজিব পাঠান সম্রাটকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানান, তিনি জনৈক এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
পরে আটককৃত সজিব পাঠান সম্রাটকে যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
