আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশন বিলুপ্তি নিয়ে কোন কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।’
বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র বেশি সখ্যতা দেখাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না। কারও পক্ষে কাজ করছে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আমরা ভাবছি না।
