ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেফতার ১

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, পাঁচটি এটিএম কার্ড এবং ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রতারক চক্রটি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালাত।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। পরে এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার (১৮ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আতিয়ার দর্জি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, আসামির কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‌্যাব বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি সরকারি পরিচয় ব্যবহার করে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।