ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
আজকের সর্বশেষ সবখবর

“সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন”

সত্যের কন্ঠ
মার্চ ১৯, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৮ মার্চ) বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ‘এমভি আসা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।