জাতীয় সংসদের অধিবেশনে আলোচ্য বিলের পরিবর্তে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন-কে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের আচরণ আইন প্রণয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালের অধিবেশনে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ অবিলম্বে বিবেচনার প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ রহিত করে নতুনভাবে প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপনের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে তিনি বিলটি সংসদে উপস্থাপন করেন।
এরপর বিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলার পর কণ্ঠভোটের আগে সাইফুল আলম কথা বলার সুযোগ চান। স্পিকার তাকে জিজ্ঞেস করেন, কোন বিলের ওপর তিনি বক্তব্য দিতে চান। জবাবে তিনি ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫’ নিয়ে কথা বলতে চান বলে জানান।
তখন স্পিকার জানান, এ নামে কোনো বিল তখন সংসদে উত্থাপিত হয়নি। বিষয়টি বুঝতে পেরে সাইফুল আলম বক্তব্য শেষ করেন।
এ সময় স্পিকার কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচিতে এভাবে বাধা সৃষ্টি করা উচিত নয়।”
বিরতির আগে বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পূর্বে দেওয়া কার্যতালিকায় ‘ব্যাংক রেজুলেশন আইন’ অন্তর্ভুক্ত ছিল, যা না আসায় তারা বিভ্রান্ত হয়েছেন।
জবাবে স্পিকার আশ্বস্ত করেন, বিলটি পরে সংসদে উত্থাপন করা হবে।
