ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

 

দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করছে আগামী ৬ জুলাই। এ উপলক্ষে ৩ ও ৬ জুলাই দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি।

১৯৮১ সালের ৬ জুলাই গ্রুপ থিয়েটার চর্চায় নিবেদিত একদল তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় লোক নাট্যদল। প্রতিষ্ঠার পর থেকে দলটি জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাট্যচর্চার মাধ্যমে দেশীয় নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘ ৪৫ বছরের পথচলায় দলটি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, ব্রেখট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র ও মানিক বন্দ্যোপাধ্যায়ের নাটক মঞ্চস্থ করেছে। পাশাপাশি দেশীয় লোকসংস্কৃতি ও ময়মনসিংহ গীতিকা অবলম্বনে একাধিক নিরীক্ষাধর্মী নাটকও প্রযোজনা করেছে।

অনুষ্ঠানমালার প্রথম পর্ব আগামী ৩ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এদিন মঞ্চস্থ হবে মলিয়েরের বিখ্যাত কমেডি নাটক ‘কঞ্জুস’

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে ৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

এদিন আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লোক নাট্যদলের সিনিয়র সদস্য অভিনেতা জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর মঞ্চস্থ হবে দলের নতুন প্রযোজনা ‘সুন্দর’

লোক নাট্যদল জানিয়েছে, চার দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চা, নতুন শিল্পী তৈরি এবং দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে তাদের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।