ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা, ৫,৮০০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফেনীর সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে সিনথিয়া ইসলাম (২৭) ও রাবিয়া (৪৫) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের লাগেজ থেকে ১৩ কেজি গাঁজা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মজিবুল হক (২৯) ও মো. সিয়াম (২৫)-কে গ্রেফতার করা হয়। তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে, র্যাব-৭-এর অপর একটি দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৫,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
