আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮:৪০টায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে উখিয়া থানার একটি নৃশংস হত্যা মামলার এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেফতার করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা।
প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলমের বিরুদ্ধে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে র্যাব-১৫ সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
