আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিল্লাল মিয়া (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৯, সিলেটের যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল মিয়া ফেনী সদর মডেল থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ফেনী জেলার সদর মডেল থানাধীন মধ্য রায়পুরা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং-৩৯, তারিখ-৩১ মে ২০২৬-এর এজাহারভুক্ত পলাতক আসামি বিল্লাল মিয়া, পিতা- দুলাল মিয়া, সাং- খাটিহাতা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
