আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ২৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে অভিযান চালিয়ে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত সোনা মিয়া কক্সবাজার সদর থানাধীন পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। র্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
