রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় অপর এক অভিযুক্ত পালিয়ে যান।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. নায়েব আলী (৪৩)। অভিযানের সময় মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যান।
র্যাব জানায়, লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের একটি অফিস কক্ষে অভিযান চালিয়ে নায়েব আলীর হেফাজত থেকে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন পাইকারি ও খুচরা কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
