আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৮:৪৫টায় র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
অভিযানে মোছা. বন্যা বেগম (২৮) ও পিংকি আক্তার (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
