আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো— রমনা থানা থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন, ধানমন্ডি থেকে ১ জন, হাজারীবাগ থেকে ১ জন, বংশাল থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, সবুজবাগ থেকে ১ জন, কদমতলী থেকে ১ জন, তেজগাঁও থেকে ২ জন, শিল্পাঞ্চল থেকে ২ জন, মিরপুর থেকে ৩ জন, পল্লবী থেকে ১ জন, কাফরুল থেকে ১ জন, দারুসসালাম থেকে ৩ জন, ভাটারা থেকে ২ জন, উত্তরা পশ্চিম থেকে ১ জন, বিমানবন্দর থেকে ১ জন এবং তুরাগ থেকে ১ জন।
ডিএমপি জানায়, রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
