ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ

সত্যের কন্ঠ
জানুয়ারি ৮, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
পঠিত: 251 বার
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং তার পরিবারের চার সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানার বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন সদ্য বহিষ্কৃত যুবদল নেতা ও প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভে এসে এবং ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন। তিনি এ সময় যশোর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এসব অভিযোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগে, গত ১৭ ডিসেম্বর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

অভিযোগের বিবরণ:
জনি ফেসবুকে দাবি করেন, গত ১৩ সেপ্টেম্বর যশোরের পুটখালি ঘাট দিয়ে শেখ হেলাল ও তার পরিবারের চার সদস্যকে ভারতে পার করে দেওয়ার কাজে সরাসরি যুক্ত ছিলেন যুবদল নেতা আনসারুল হক রানা। এ কাজে মাদক ব্যবসায়ী শহীদ সহযোগিতা করেছেন, এবং এর বিনিময়ে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। জনি আরও অভিযোগ করেন, ওবায়দুল কাদের ৫ তারিখ পর্যন্ত যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন, এরপর আনসারুল হক রানার সহযোগিতায় ভারতে পালিয়ে যান।

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এসকেন্দার আলী জনি মানসিকভাবে অসুস্থ। তার বিতর্কিত কাজের জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।” তিনি আরও বলেন, “কাদের কোথায় গেছেন, তা তদন্ত করে দেখতে হবে। একজন যা-তা বললেই তা সত্যি হয়ে যায় না।”

এই অভিযোগ নিয়ে দলের বিভিন্ন মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।