মোসাদ্দেক বিল্লাহ আবির:
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে টিভিএস ও সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে।
র্যাব-১০ জানায়, নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে তারা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
