ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৫
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে স্ত্রী আছমা আক্তার (২৬) হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী মুহাসিন মাতুব্বর (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ৬ জুলাই টঙ্গিবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের ভাই মো. শামীম তালুকদার টঙ্গিবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই মুন্সীগঞ্জ জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং বৈজ্ঞানিক তদন্ত শুরু করে। পরবর্তীতে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।

তদন্তে জানা যায়, আছমা আক্তার ও তার স্বামী মুহাসিন মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে আছমার পূর্ববর্তী বিবাহকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন সকালে নাস্তা প্রস্তুত না থাকা নিয়ে তর্কের একপর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করেন। পরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনের ওপর পড়ে গুরুতর আহত হন। এরপর ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হলে মরদেহ খাটে রেখে চার বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পিবিআইয়ের ধারাবাহিক তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৭ জুলাই গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে মুহাসিন মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।