আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো: আরমান হোসাইন (২৭) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ১৩ মিনিটে মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনের মিরপুর-১০ নম্বরের ব্যস্ততম ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে পুলিশ সার্জেন্ট মো: তুহিনুর রহমান তুহিন নারীর চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান এক ছিনতাইকারী এক নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে।
পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোনটি রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি বাসের নিচে ছুড়ে ফেলে দেয়। তবে পুলিশ সার্জেন্ট পিছু ধাওয়া অব্যাহত রেখে সাহসিকতার সঙ্গে তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে বাসের নিচ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আটককৃত আরমান হোসাইনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
