আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যা মামলার প্রধান সহযোগী আসামি সাগর মোল্লা (৩৯)-কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী জেলার সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন খেদপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তি মাগুরার ট্রাকচালক আব্দুর রহমান (৫৮) বলে শনাক্ত হন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
তদন্তে জানা যায়, “মেসার্স মহামায়া ট্রেডার্স”-এর জন্য প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ১৮ মে রাতে নারায়ণগঞ্জ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন চালক আব্দুর রহমান। নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছালে তার খোঁজ শুরু হয়। পরে ট্রাকসহ চালকের সন্ধান না পাওয়ায় শালিখা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার দিন একই এলাকার ট্রাকচালক মো. ওহিদুল ইসলাম ও আজাদ হোসেন ওরফে হিটলার ভিকটিমের সঙ্গে ট্রাকে ওঠেন। ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছানোর পর পরিকল্পনা অনুযায়ী সাগর মোল্লাকে ট্রাকে তোলা হয়। পরে নির্জন স্থানে তিনজন মিলে চালক আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ট্রাকে থাকা ৬০ ব্যারেল ভোজ্য তেল নামিয়ে ট্রাক ও মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ রাতে ফেনী জেলার সদর থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সাগর মোল্লাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৯ জুন ২০২৬ তারিখে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছিল র্যাব-৪। এছাড়া পুলিশ ইতোমধ্যে আরও চারজনকে গ্রেফতার করেছে এবং ছিনতাইকৃত ট্রাক ও ভোজ্য তেলের বড় একটি অংশ উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
