ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫০
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত সম্পর্ক: চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক বৈঠক

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১২, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
পঠিত: 222 বার
Link Copied!

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিশ্রি। বৈঠক শেষে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতের সংসদ সদস্যদের কাছে এই সফর নিয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থানকালে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি আলোচনায় আসে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-র প্রতিবেদনে জানা যায়, ১১ ডিসেম্বর সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফিংকালে বিক্রম মিশ্রি জানান, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন—এ বিষয়টি নরেন্দ্র মোদি সরকার সমর্থন করে না। মিশ্রি এটিকে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। তবে ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি, যা তাকে ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দিতে পারে।

বিক্রম মিশ্রি আরও জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এই সম্পর্ক বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়ে বিবেচিত হয়।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ব্রিফিং শেষে কংগ্রেস নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের বিষয়ে আমাদের একটি চমৎকার ব্রিফিং হয়েছে। পররাষ্ট্র সচিব সফর সম্পর্কে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন। যদিও এই বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না, তবে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন করা হয়েছে, যার যথাযথ উত্তর তিনি দিয়েছেন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। এই প্রেক্ষাপটে গত ৯ ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সফরকালে মিশ্রি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।