সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগের জন্য সারাবিশ্বের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওপেরা বলরুমে স্থানীয় সময় সোমবার বিকেলে ২৩ থেকে ২৫ অক্টোবর ‘রাইজ অব বেঙ্গল টাইগার’ শীর্ষক ‘বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে-জিন মালগোয়ারেস অনুষ্ঠানে বক্তব্য দেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ সকল ক্ষেত্রে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। অবকাঠামোগত সুবিধা, সমুদ্রবন্দর, নদীবন্দর, আন্ত:দেশীয় রেল ও সড়ক যোগাযোগসহ নানা কারণে বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ।
তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির সাথে যেহেতু মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, সেখানে আমাদের মাথাপিছু আয় শুধু দ্রুত বৃদ্ধিই পাচ্ছে না, প্রায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ৫ হাজার ডলার। আগামী এক দশকে এই সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে যাবে।
‘পাশাপাশি আমাদের ভৌগোলিক অবস্থান এমন যে বাংলাদেশে বিনিয়োগ করা পণ্যের বাজার ভারত, মিয়ানমার, নেপাল এমন কি চীন পর্যন্ত বিস্তার করা সহজতর’ বর্ণনা করেন হাছান মাহমুদ।
