ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২০
আজকের সর্বশেষ সবখবর

“ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে ৩ বছর পর বাকপ্রতিবন্ধী যুবকের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে ফিরিয়ে দিল পিবিআই”

সত্যের কন্ঠ
জুন ১১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

দীর্ঘ তিন বছর নিখোঁজ থাকার পর এক বাকপ্রতিবন্ধী যুবকের পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই গাজীপুর। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৬ তারিখে যাচাই-বাছাই শেষে শফিকুল ইসলাম নামে ওই যুবককে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত আমোদাবাদ গ্রামের বাসিন্দা।

ঘটনার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় শরিফুল আলম নামের এক ব্যক্তি চায়ের দোকানের সামনে কান্নারত অবস্থায় ওই বাকপ্রতিবন্ধী যুবককে দেখতে পান। কথা বলতে না পারায় তিনি নিজের পরিচয় জানাতে পারেননি। মানবিক দৃষ্টিকোণ থেকে শরিফুল আলম তাকে আশ্রয় ও লালন-পালন করেন। পরে পরিচয় শনাক্তে ব্যর্থ হয়ে ৩ জুন ২০২৬ তারিখে তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পিবিআই গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের কাজ শুরু করে। যাচাইয়ে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য মেলে।

পরিবারের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, প্রায় তিন বছর আগে শফিকুল ইসলাম নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং থানায় জিডি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা ১০ জুন গাজীপুরে এসে তার পরিচয় নিশ্চিত করেন।

দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে এবং মানবিক ভূমিকা রাখার জন্য আশ্রয়দাতা শরিফুল আলম ও পিবিআই গাজীপুরকে ধন্যবাদ জানান।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার জানান, আধুনিক প্রযুক্তি ও জনসাধারণের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।