রাজধানীর পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) দুপুরে বেগুনটিলা বস্তি এলাকার একটি ডেইরি ফার্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুরমা বিবি (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মোছা. রাশেদা বেগম (৪৩) পালিয়ে যান। পরে সুরমা বিবির দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর স্টিল কর্পোরেশন এলাকায় অভিযান চালিয়ে রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পল্লবী ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন। এছাড়া রাশেদা বেগমের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
