আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. মুন্না ওরফে রেড মুন্না (৩৬)-কে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১-এর বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গ্রেফতারের ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
