আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও হত্যাসহ ১৩ মামলার আসামি মো. আকাশ ওরফে টান আকাশকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
র্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৬ তারিখে মিরপুর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় মো. আকাশ ওরফে টান আকাশ, গাল কাটা রাব্বি, আল-আমিন, র্যাপার পারভেজসহ আরও কয়েকজন বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গোলাগুলির মাধ্যমে হৃদয় ওরফে গন্ডারকে আহত করে এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টান আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৬ জুন ২০২৬ তারিখ রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত টান আকাশ দীর্ঘদিন ধরে পল্লবী ও আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৩টি মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
