আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
বুধবার (২০ মে) বেলা ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
লালবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের পর লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বেলা ২টা ১৫ মিনিটে ঘুম থেকে উঠে তারা দেখেন, ২ বছর ৬ মাস বয়সী শিশু রাব্বি ইসলাম হাসিব ঘরে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮১৩, তারিখ: ১৫/০৫/২০২৬) করা হয়।
জিডির পরপরই লালবাগ থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ মে বেলা ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশু রাব্বি ইসলাম হাসিব সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
