আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা বানচাল করেছে র্যাব-৫, সিপিসি-১। এসময় ৯.১৫০ কেজি গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪ নম্বর বেড়ীবাঁধের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯.১৫০ কেজি গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ছাড়াও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল কাঁচের টুকরা, লোহার পেরেক, প্লাস্টিকের কৌটা, কসটেপ ও গ্যাস লাইটারসহ বিভিন্ন উপকরণ।
র্যাব আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক সামগ্রী সেখানে মজুদ করে রেখেছিল। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এ ধরনের নাশকতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
