ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর ধানমন্ডি এলাকায় চাপাতির মুখে জিম থেকে ফেরার পথে দুই যুবকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় একটি পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. রিপন (৩৫), মো. সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) এবং টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৬:২০টায় ধানমন্ডি ৭ নম্বর সড়কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিসের উত্তর পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার দুই বন্ধু জিম থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। পরে ধারালো চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছ থেকে একটি iPhone 17 Pro Max ও একটি Samsung Galaxy S22 Ultra ছিনিয়ে নেয়। এ সময় একজন বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়, এতে তার বাম হাতের কবজির ওপর গুরুতর জখম হয়।

ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল আনুমানিক ১১:৪০টায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।